বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বিত উদ্যোগে ভারতে আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫, ২০ জানুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতীয় কোস্ট গার্ড ৪টি বাংলাদেশি ফিশিং বোটসহ মোট ৯১ জন জেলেকে আটক করে।
পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটগুলো ফেরত আনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ৭ জুন ২০২৬ (রবিবার) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন জেলে ও ৪টি ফিশিং বোট গ্রহণ করা হয়।
পরে সোমবার (৮ জুন ২০২৬) সকাল ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার কারণে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম সহজতর হয়েছে।
এ বিষয়ে ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা কমান্ডার শাহ্ কামরুজ্জামান, এনডি, পিএসসি, বিএন জানান, ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।