সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে নবনির্মিত "শ্রীধরপাশা শাহী ঈদগাহ" এর নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর শ্রীধরপাশা দারুলউলুম মাদ্রাসার সন্নিকটে নান্দনিক ডিজাইনে নির্মিতব্য ঈদগাহটির কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় গ্রামবাসী। প্রবাসী বাসিন্দাদের অর্থায়ন এবং দেশ-বিদেশে অবস্থানরত শ্রীধরপাশা গ্রামের মানুষের সার্বিক সহযোগিতায় এ ঈদগাহ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের মুরব্বিয়ান, যুবসমাজ, বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমেদ। মোনাজাতে ঈদগাহ নির্মাণকাজের সফল সমাপ্তি, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে শিরনি বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, শ্রীধরপাশা শাহী ঈদগাহ নির্মাণ সম্পন্ন হলে গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের ঈদের জামাতসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম আরও সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।