জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ও জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু (৪০)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেনের নেতৃত্বে একটি দল জগন্নাথপুর থানা রোডে অবস্থিত তার নিজস্ব কার্যালয় থেকে তাকে আটক করে।
পরিবারের সদস্যদের অভিযোগ, কোনো ধরনের তদন্ত ছাড়াই তাকে কার্যালয় থেকে নিয়ে যাওয়া হয়েছে, যা তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, জগন্নাথপুর গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে জহিরুল ইসলাম লাল মিয়ার দায়ের করা একটি সাইবার ট্রাইব্যুনাল মামলার ভিত্তিতে ডিবি পুলিশ আমিনুর রহমান জিলুকে গ্রেপ্তার করেছে।
সাংবাদিক জিলুর মামা আবদুল হেকিম দাবি করেন, এই গ্রেপ্তার উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, তার ভাগিনা দীর্ঘদিন ধরে সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সম্প্রতি জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে এক নারীর আপসের টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
এদিকে, সাংবাদিক জিলুর গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
বিবৃতিতে জগন্নাথপুর প্রেসক্লাব এর সাংবাদিক বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে হয়রানিমূলক মামলা করা হয়েছে। কোনো সুষ্ঠু তদন্ত ছাড়া একজন কর্মরত সাংবাদিককে কার্যালয় থেকে আটক করা উদ্বেগজনক এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তি দাবি করেন। অন্যথায় স্থানীয় সাংবাদিক সমাজ আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলে সতর্ক করেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।