মাদারগঞ্জ–সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টায় উপজেলা পর্যায়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
স্মারকলিপি প্রদান কর্মসূচির আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সচিব এ.কে.এম. ইহছানুল হক মঞ্জু। তিনি বলেন, মাদারগঞ্জ ও সারিয়াকান্দি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি।
এ সেতু বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি দুই অঞ্চলের আর্থ-সামাজিক অগ্রগতিও ত্বরান্বিত হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা জাতীয় তরুণ সংঘের সভাপতি মো. হাফিজুর রহমান, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান, পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক জিয়াউর রাফী এবং সাবেক পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম।
এ সময় মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পরে অংশগ্রহণকারীরা মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে দ্রুত মাদারগঞ্জ–সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সেতুটি নির্মিত হলে দুই উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিক্ষা খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে। দীর্ঘদিনের যাতায়াতজনিত দুর্ভোগ কমে গিয়ে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।