স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম নিয়ন্ত্রণ করা না গেলে হাজারো শিশুর মৃত্যু হতে পারত। তিনি আরও জানান, সরকারের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার কাজ চলমান আছে।
বৃহস্পতিবার (২৮ মে) নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে অনেকটা কমে এসেছে। আক্রান্ত শিশুদের সংস্পর্শ থেকে সুস্থ শিশুদের দূরে রাখতে পারলে ঈদের পর আক্রান্তের সংখ্যা আরও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ঈদের আনন্দের দিনে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়।
একটি মায়ের অনুরোধে ওয়ার্ডের এসি বন্ধ করা হলে পরে গ্যাস লিকেজের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক।
মন্ত্রী জানান, খবর পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।