ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের অন্যান্য এলাকার মতো নোয়াখালীতেও কুরবানির পশু জবাইয়ের প্রস্তুতি ছিল ব্যাপক। তবে ঈদের দিন দেখা যায় ভিন্ন চিত্র।
অনেকেই একদিনের জন্য কসাইয়ের দায়িত্ব নিলেও তাদের অধিকাংশেরই পশু জবাইয়ের কোনো অভিজ্ঞতা ছিল না। ফলে মাত্র ৬ ঘণ্টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এসব আহত ব্যক্তি চিকিৎসা নেন।
জেলা শহরের বাসিন্দা মাজহার রাকিব জানান, হাসপাতালে অনেক ভিড় ছিল। বেশিরভাগ মানুষই মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন।
হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. রানা চৌধুরী জানান, ঈদের দিনে মাত্র ৬ ঘণ্টায় মাংস কাটতে গিয়ে ৩০ জন আহত হয়েছেন। হাত-পা কেটে যাওয়া ছাড়াও ছুরি ফসকে বিভিন্নভাবে তারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
তিনি আরও জানান, আহতদের বেশিরভাগই তরুণ ও মধ্যবয়সী। সাধারণত চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত এসব মানুষ কুরবানির দিন পরিবার বা এলাকার দায়িত্ব নিতে গিয়ে নিজেরাই কসাইয়ের ভূমিকা পালন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। কেউ ছুরি লেগে আহত হয়েছেন, কেউ পা কেটেছেন, আবার কেউ পশু জবাইয়ের সময় পড়ে গিয়ে আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।