রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এর পোস্ট ডেলিভারি ওয়ার্ডের যে অংশে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে, সেখানকার পরিবেশ ‘শ্বাসরুদ্ধকর’ ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।
২৭ মে বুধবার দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ভোরে এই রুমটিতে এসি জটিলতা অথবা যে কোনো কারণেই হোক, ওখানের যে পরিবেশ আমরা পেয়েছি তা ছিল একটি সাফোকেটিভ পরিবেশের মতো। সেখানে এসি এমনভাবে স্থাপন করা ছিল যে, সেটি বন্ধ করলে আর কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা থাকত না।”
তিনি জানান, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস আরও বলেন, হাসপাতালের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল কি না এবং শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি কাজ করবে।
তিনি জানান, তদন্ত কমিটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের আরও একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।