রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২৭ মে) দুপুরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, “আদ্-দ্বীন হাসপাতাল আজ বুধবার ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করছে। আকস্মিক এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২৬ মে দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২-এ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু থাকলেও নবজাতকদের কয়েকজন মা সেগুলো বন্ধ করার অনুরোধ জানান। পরে কর্তব্যরত নার্সরা এসিগুলো বন্ধ করে দেন।
এরপর রাত ৩টার দিকে পুনরায় এসি চালু করা হয়। রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-এ নেওয়া হয়। পরে পর্যায়ক্রমে আরও পাঁচ নবজাতককে একই ইউনিটে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, সকাল ৬টার দিকে প্রথম নবজাতকের মৃত্যু হয়। পরে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আরও পাঁচ নবজাতক মারা যায়। ওই ওয়ার্ডে সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েরা নবজাতকসহ অবস্থান করছিলেন এবং রাতের বেলায় তিনজন নার্স দায়িত্বে ছিলেন।
ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসনের সদস্যরা হাসপাতালে অবস্থান নিয়ে বিষয়টি তদন্ত শুরু করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের মর্মান্তিক ঘটনা কেন ঘটেছে তা খতিয়ে দেখতে সরকারকে সার্বিক সহযোগিতা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকেও অভ্যন্তরীণ তদন্ত চালানো হচ্ছে। ঘটনায় কারও গাফিলতি বা ত্রুটি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।