মোংলা নদী পারাপারে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালুর বিষয়ে অগ্রগতির কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম।
তিনি জানান, মোংলা নদীর দুই পাড়ে পন্টুন স্থাপন ও বিরতিহীন ফেরি সার্ভিস চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।
গত ২৪ মে রাতে বাগেরহাট জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএ’র বিভাগীয় কর্মকর্তা এবং মোংলা উপজেলা এলজিইডি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালুর জন্য ইতোমধ্যে নদী খনন কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই বিরতিহীন ফেরি চলাচল শুরু করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, মোংলা নদীর নাব্যতা সংকটের বিষয়টি বিবেচনায় রেখে উপযোগী ফেরি সংগ্রহে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। পাশাপাশি নতুন পন্টুন স্থাপন, নদী খনন, নদীর চরিত্র বিশ্লেষণ, খননকৃত মাটি সংরক্ষণ এবং নদীভাঙনের ঝুঁকি মাথায় রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, মোংলা পৌরসভার পক্ষ থেকে বিআইডব্লিউটিএকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে এবং এ বিষয়ে গঠিত তদারকি কমিটিও কাজ শুরু করেছে।
এছাড়া ভবিষ্যতে মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, “আপনাদের জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট আছি। এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।