ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায় বলে জানা গেছে। নিহত অপর দুইজনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।
২৩ মে সোমবার ভোর ৫টার দিকে কালিহাতী উপজেলার সারতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, নিহত ১৩ জনের বাড়ি মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রবাটি (ডেবরা) থেকে চিকলা বলাক্ষেত্র এলাকার মধ্যে। বাকি দুইজন রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি রডবোঝাই ট্রাকে শ্রমিক শ্রেণির যাত্রীরা যাচ্ছিলেন। ট্রাকটি যমুনা সেতু পূর্ব সারতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।