খুলনায় পূর্ব শত্রুতার কারণে বিএনপি অফিসের ভেতরে ঢুকে যুবদলের এক নেতা সহ দুইজনকে গুলি করে আহত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর লবণচরা এলাকার পুটিমারী বাজারের পাশে ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি অফিসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) এবং জাহিদ (৩৫)।
স্থানীয়রা তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। তখন পারভেজ (৩৪) নামে একজন সেখানে আসে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পারভেজ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মাসুম বিল্লাহর বাম পায়ে এবং জাহিদের ডান হাতে গুলি লাগে।
জাহিদ জানান, তারা দুইজন অফিসে বসে ছিলেন। হঠাৎ পারভেজ এসে মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি করে। গুলি ঠেকাতে গেলে তার হাতেও গুলি লাগে।
মাসুম বিল্লাহ বলেন, তিনি ১নং জলমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ঘটনার আগে পারভেজ তার সঙ্গে কথা বলে চলে যায়, পরে ফিরে এসে গুলি চালায়। এ সময় জাহিদও আহত হন। তিনি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে পারভেজ সেখানে গিয়ে তার পায়ে গুলি করে।
তিনি আরও জানান, অভিযুক্ত পারভেজের বাড়ি মুক্তার হোসেন রোড এলাকায় এবং তার বাবার নাম নুর ইসলাম। তিনি আগে থেকেই পারভেজকে চিনতেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার কারণে পারভেজ নামের একজন গুলি করেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।