ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম দোয়াইর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে প্রতিবেশীর টিউবলাইটের আঘাতে এক নারীর চোখ নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার মুন্নাফ মাদবরের ছেলে বাবু মাদবর শনিবার রাতে রাজা মন্ডলের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করেন। এ সময় রাজা মন্ডলের স্ত্রী হোসনা বেগম বাবু মাদবরের হাতে টিউবলাইট দেখে সন্দেহ প্রকাশ করেন এবং এত রাতে কেন এসেছেন জানতে চান।
অভিযোগ রয়েছে, কথা কাটাকাটির একপর্যায়ে বাবু মাদবর তার হাতে থাকা টিউবলাইট দিয়ে হোসনা বেগমের মাথায় সজোরে আঘাত করেন। এতে তার মাথা ও চোখে গুরুতর জখম হয় এবং রক্তপাত শুরু হয়।
স্থানীয় বাসিন্দা ও স্বজনরা দ্রুত তাকে জয়পাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার বাম চোখ থেকে টিউবলাইটের ভাঙা কাচ বের করতে সক্ষম হলেও জানান, তার বাম চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত বাবু মাদবরের চাচা আব্দুস কুদ্দুস মাদবর ও চাচাতো ভাই জিহান মাদবর মামলা না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছেন। পাশাপাশি আইনি ব্যবস্থা নিতে বাধা সৃষ্টি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বাবু মাদবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনার বিষয়ে দোহার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।