সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে রসুলগঞ্জ বাজার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়ে বৃষ্টির পানিতে কাদায় ভরে গেছে। ফলে সড়কটি চলাচলের জন্য প্রায় অনুপযোগী হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ থেকে ১২ দিন ধরে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের সাবেক মেম্বার সিতাভ আলীর বাড়ির সামনে সড়কের মাঝখানে বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে সেখানে কাদা ও পানি জমে থাকায় যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং অনেক সময় যানবাহন গর্তে আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদরসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। এছাড়া স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষক এবং চাকরিজীবীরা চলাচলের সময় চরম ভোগান্তিতে পড়ছেন। যানবাহনের চাকার চাপের কারণে কাদা-পানি ছিটকে পথচারীদের কাপড় নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে।
সড়ক ব্যবহারকারী চালক, শিক্ষার্থী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে গর্ত থাকলেও কার্যকর সংস্কার হয়নি। বিশেষ করে বর্ষার কারণে গর্তগুলো পানিতে ভরে যাওয়ায় ঝুঁকি ও দুর্ভোগ আরও বেড়েছে। তারা দ্রুত সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।