সুনামগঞ্জের জগন্নাথপুরে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের কোন্দানালা সেতু এলাকায় এক ব্যবসায়ীর পিকআপ ভ্যান লক্ষ্য করে ডাকাতির ঘটনা ঘটেছে।
মুখোশধারী সশস্ত্র ডাকাত দল গাড়ি থামিয়ে চালক ও কর্মীদের মারধর করে প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৬ মে (বুধবার) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের ব্যবসায়ী শরীফ মহাজনের প্রতিষ্ঠান “হাবিব ট্রেডার্স”-এর ডিএসআরসহ মালামাল ডেলিভারি শেষে পিকআপ ভ্যানটি শান্তিগঞ্জ উপজেলার জয়নগর বাজার থেকে ফিরছিল।
পথিমধ্যে ছাতক উপজেলার অংশে অবস্থিত কোন্দানালা সেতুর দক্ষিণ পাশে পৌঁছালে ৮ থেকে ৯ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত দল গাড়িটি গতিরোধ করে।
ডাকাতরা গাড়ি ভাঙচুর করে এবং ভেতরে থাকা কর্মীদের মারধর করে নগদ প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে জানান ভুক্তভোগীরা। পরে ভ্যানচালক স্বদেব দাস মোবাইল ফোনে বিষয়টি প্রতিষ্ঠানের মালিকের ছেলে মতিউর রহমানকে জানান।
ঘটনার পরপরই জগন্নাথপুর ও শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে হাবিব ট্রেডার্সের বিক্রয় প্রতিনিধি (ডিএসআর) স্বপন দাস বলেন, “মালামাল ডেলিভারি দিয়ে ফেরার পথে রাত ১১টা ৪০ মিনিটের দিকে কোন্দানালা সেতু এলাকায় মুখোশধারী ৮-৯ জন ডাকাত আমাদের গাড়ি আটকায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে ও তিন লাখ টাকা নিয়ে যায়।”
অন্যদিকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি কিছুটা রহস্যজনক মনে হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লুণ্ঠিত টাকা উদ্ধারে ও জড়িতদের শনাক্তে জগন্নাথপুর ও ছাতক থানা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।