বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর এই দিনে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য হলো- শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।
৩ মে রোববার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটির মূল লক্ষ্য হলো সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা, গণমাধ্যমের নীতিমালা মেনে চলার গুরুত্ব তুলে ধরা, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন এবং দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত বা নিহত সাংবাদিকদের স্মরণ করা।
এদিকে, প্রতিবছরের মতো এবারও বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। এতে দেখা গেছে, বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়েছে। ১৮০টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশের অবস্থান ১৫২তম, যা গত বছর ছিল ১৪৯তম।
দিবসটি উপলক্ষে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র্যালির আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে।
এছাড়া সকাল সাড়ে ৯টায় তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।