বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা বাজারের কেন্দ্রীয় দুর্গামন্দিরের বারান্দা থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) সকাল ৮টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা মন্দিরের বারান্দায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী গত তিন-চার দিন ধরে বেতাগা বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। এর আগে তাকে কাটাখালী মোড় এলাকাতেও দেখা গেছে। এলাকাবাসীর ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নারীটি অসুস্থ হয়ে পড়লে মানবিক কারণে তাকে মন্দিরের বারান্দায় সিমেন্টের বস্তার ওপর শুইয়ে রাখা হয়। পরদিন সকালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারীটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।