জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংস্কার কাজ প্রায় ১৮ বছরেও শেষ হয়নি। এই দীর্ঘ সময়ে একাধিকবার কাজ শুরু হলেও তা সম্পন্ন না হওয়ায় এই পথে চলাচলকারী সাধারণ মানুষ, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং অফিসগামী চাকরিজীবীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
২০২৬ সালের শুরুতে আবার কাজ শুরু হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে, ফলে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।
জানা গেছে, বন্যা ও বৃষ্টির কারণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের সঙ্গে সংযোগকারী এই সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং ভাঙনের কারণে এটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পাইলগাঁও, আশারকান্দি ও রানীগঞ্জ ইউনিয়নের জালালপুর, খানপুর, আলীপুর, নতুনকসবা, গোতগাঁও, সোনাতলা, কদমতলা, মশাজান, কাতিয়া, অলৈতলী, আলাগদি, কালনীচর, আটঘর, খালাইনজুড়া, মিলিক, বড়ফেচি, ছোট ফেচি, ঘোষগাঁও, ইছগাঁও, কুবাজপুরসহ আশপাশের বহু গ্রামের মানুষ জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন।
তারা জগন্নাথপুর উপজেলা সদর, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন ও পায়ে হেঁটে চলাচল করছেন। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
বিশেষ করে বৈশাখ-জৈষ্ঠ্য মাসের বৃষ্টি ও বর্ষা মৌসুমে সড়কটি কাদা ও পানিতে ভরে গিয়ে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। চলতি বছরের শুরুতে কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে যাওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এলজিইডি জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, সড়কটির সংস্কার কাজ আগামী জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের খারাপ অবস্থার কারণে তারা সীমাহীন কষ্ট পাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে।
বর্তমানে নিম্নমানের কাজ শুরু হলেও সেটিও বন্ধ হয়ে গেছে। তারা দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।