মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত সরকার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে লাগা এই আগুনে অন্তত ৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ইলেকট্রনিক্স, ঔষধ ও চায়ের দোকান রয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা পানি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের ইমরান হোসেন জানান, তাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তবে সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়।
এদিকে আগুনে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা চরম দিশেহারা হয়ে পড়েছেন। তারা দ্রুত ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।