সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে শান্তিগঞ্জসহ দেশের দায়িত্ব নিতে পারে এবং বিশ্বমঞ্চে উন্নয়নমুখী চিন্তা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়। তিনি বলেন, শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে শিক্ষা দেওয়া। পাশাপাশি তিনি অভিভাবক ও সাধারণ মানুষকেও শিক্ষার উন্নয়নে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, স্কুল, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সমান নজর রাখা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষা, খেলাধুলা ও সার্বিক কার্যক্রমে সচেতন থাকলে বিদ্যালয়ের অগ্রগতি হবে এবং এর ফলে ইউনিয়নের মর্যাদাও বৃদ্ধি পাবে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়া এবং সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুফি মিয়া।
টুর্নামেন্টের বালক বিভাগে ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয় জিবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর বালিকা বিভাগে কামরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াপ্রেমী মানুষ এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।