রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীর বিরুদ্ধে। একই ঘটনায় কলেজে ভাঙচুর ও অন্য শিক্ষকদের মারধরের অভিযোগও রয়েছে স্থানীয় বিএনপির আরও কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। এতে অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। আকবর আলী উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তর্কে জড়ান। তারা বিশেষ করে আগের অধ্যক্ষের সময়কার আয়-ব্যয়ের হিসাব চান। এক পর্যায়ে কথা কাটাকাটি বাড়লে প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করা হয়। পরে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালানো হয় এবং অফিস কক্ষে ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলম এবং আরও দুই কর্মচারী। তাদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন, তারা বিভিন্ন সময় কলেজে এসে আয়-ব্যয়ের হিসাবের নামে মূলত চাঁদা দাবি করতেন। অধ্যক্ষের পক্ষে প্রতিবাদ করায় তিনিও হামলার শিকার হন।
অন্যদিকে আকবর আলী দাবি করেন, কলেজের আগের অনিয়ম ও দুর্নীতির হিসাব চাইতে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। তার মতে, শিক্ষক আলেয়া খাতুন হীরা আগে তাদের ওপর আক্রমণ করেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, তিনি চার মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি তা প্রত্যাখ্যান করায় এই বিরোধ তৈরি হয়।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির কারণে পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। তবে কিছু লোক জোর করে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।