রাজধানীর শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের দুই নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিক আলীর ওপর ছাত্রদলের কিছু নেতাকর্মী হামলা চালায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি খারাপ হলে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের থানার ভেতরে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে ছাত্রদলের কিছু কর্মী থানায় ঢুকে মুসাদ্দিক আলীর ওপর হামলা করে, এতে তিনি আহত হন।
ঘটনার সময় ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং সূর্যসেন হল শাখার কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও থানার ভেতরে ছিলেন বলে জানা যায়।
ঘটনার পর শাহবাগ থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের কারণ হিসেবে জানা গেছে, এবি জুবায়ের ও মুসাদ্দিক আলীর নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।