নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের কন্যা সাদিয়া আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে গলা কাটা অবস্থায় চারজনের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।
এলাকাবাসীর ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, “আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।