ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তার মুখমণ্ডল ও পায়ে আঘাত লেগেছে এবং তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানায়, হামলায় তার মুখমণ্ডলে গুরুতর ক্ষতি হয়েছে এবং একটি বা উভয় পা-ই মারাত্মকভাবে জখম হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ৫৬ বছর বয়সী মোজতবা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং মানসিকভাবে সচেতন আছেন।
আরও দুই সূত্র জানায়, তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে যুক্ত আছেন। চলমান যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নিয়েও তিনি মতামত দিচ্ছেন।
এদিকে ১১ এপ্রিল ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে মোজতবার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘনিষ্ঠ সূত্রগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য দিয়েছে, তবে রয়টার্স জানায়, এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন বাহিনী ইরানে আকস্মিক হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তবে তার ছেলে মোজতবা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
পরে ৮ মার্চ তিনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে তিনি জনসমক্ষে আসেননি এবং তার কোনো ছবি, ভিডিও বা অডিও প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, প্রথম দফার হামলাতেই তিনি আহত হন, যদিও এ বিষয়ে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
১৩ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, মোজতবা খামেনি আহত হয়েছেন এবং তিনি পঙ্গু হয়ে থাকতে পারেন।
মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্র জানায়, ধারণা করা হচ্ছে তিনি একটি পা হারিয়েছেন। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি সিআইএ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।