ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি এলাকায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেন (৩৬)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব সূত্রে জানা যায়, প্রবাসে একই কোম্পানিতে চাকরির সুবাদে ইসমাইল হোসেনের সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। অভিযোগ রয়েছে, ইসমাইল বিভিন্ন সময় ভিকটিমকে মারধর করতেন।
ঘটনার এক মাস আগে ভিকটিম দেশে ফেরেন। পরে ইসমাইলও দেশে এসে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালান। এরই ধারাবাহিকতায় গত ১৪ মার্চ ২০২৬ ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে ইসমাইল মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে দোহার থানাধীন নয়াবাড়ি এলাকায় তার বাবার বাড়ির বাইরে আসতে বলেন।
পরে ভিকটিমের ডাক-চিৎকারে তার বাবা ঘর থেকে বের হয়ে বাড়ির টিউবওয়েলের পাশে তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যরা দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে দোহার থানায় ১৬ মার্চ ২০২৬ তারিখে পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব-১০-এর সহায়তা চান। এরই প্রেক্ষিতে ৭ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে র্যাব-১০-এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১১-এর সহযোগিতায় নোয়াখালীর চরজব্বার এলাকা থেকে প্রধান আসামি ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।