ভোলায় জামায়তে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট (গোয়েন্দা শাখা) গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তার অবিলম্বে মুক্তির দাবি করেছে।
গ্রেপ্তারের আগে, রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬নং ওয়ার্ডের আদর্শ একাডেমির রোডের ক্ষণিকালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী। সোমবার (৬ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতার জায়গা। তিনি অভিযোগ করেন, অতীতে সাইবার আইনের অপব্যবহার করে মানুষকে দমন করা হয়েছে। জুলাই বিপ্লব-পরবর্তী গণতান্ত্রিক পরিবেশে এমন গ্রেপ্তার ওই প্রত্যাশার পরিপন্থি।
তিনি আরও বলেন, বিবি সাওদার তিন বছরের প্রতিবন্ধী সন্তান রয়েছে, যার দেখভালে মায়ের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। পরিবার পুলিশকে বিষয়টি জানালে ও অনুরোধ করলেও তা উপেক্ষা করা হয়েছে। দ্রুত সাওদাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের জেলা আমির মাস্টার মুহাম্মদ জাকির হোসাইন, নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশের মামলার এজাহারে বলা হয়েছে, বিবি সাওদা তার ফেসবুক আইডি ‘Sawoda Sumi’-তে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট করেছেন। গ্রেপ্তারের সময় তার মোবাইল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ফেসবুকের ভিউ বৃদ্ধির জন্য তিনি সমসাময়িক বিষয় ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমালোচনা করেছেন। তার কর্মকাণ্ড সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়ে।
মোবাইলের পোস্টসমূহ পর্যালোচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব না হওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। পুলিশ আদালতে আবেদন করে, পরবর্তী কার্যক্রম অনুসরণ পর্যন্ত তাকে জেল হাজতে রাখা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।