বাগেরহাটের মোংলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। ৬ই এপ্রিল সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে উপজেলার চিলা ইউনিয়নের মধ্য হলদিবুনিয়া এলাকায় তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন কুব্বত শেখ (৬২), পিতা মৃত আছালাত শেখ এবং তার স্ত্রী নাসিমা বেগম (৫৪)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে পেশাদার মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিকের নেতৃত্বে অভিযান চালানো হয়, যেখানে সেকেন্ড অফিসার মিরাজ ও এসআই রফিকসহ একটি টিম অংশগ্রহণ করে। অভিযানে তাদের বসতবাড়ি তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও কিশোরদের কাছে গোপনে মাদক সরবরাহ করতেন। এলাকাবাসীর দাবি, তাদের পেছনে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যা মোংলায় মাদকের সরবরাহ ও বণ্টন নিয়ন্ত্রণ করে। দ্রুত সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
মোংলা থানার ওসি শাহীনুর রহমান শাহীন বলেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশি উদ্যোগের সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িত কেউ বা মাদকের তথ্য জানলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। আমরা সব তথ্য গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি মোংলা উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।