মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শাওন মাহমুদ (৩৫) নামে এক যুবককে আটক করে পরে পুলিশের কাছে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার জুশুরগাঁও এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায় এবং সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখায়।
শাওন মাহমুদ শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের প্রাণী মণ্ডল এলাকার বাসিন্দা। তিনি মো. শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট দেন তিনি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে জুশুরগাঁও এম রহমান কমপ্লেক্স এলাকায় তার মালিকানাধীন একটি রেস্তোরাঁয় ২৫-৩০ জন নেতাকর্মী জড়ো হন। পরে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে থাকা যুবদল কর্মী উজ্জ্বল খান বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ভাষায় পোস্ট দেওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। এমন আচরণ মেনে নেওয়া যায় না।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, যুবদল ও ছাত্রদলের কর্মীরা ওই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে পুলিশ দ্রুত গিয়ে নিয়ন্ত্রণে আনে। তার ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্টের তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।