চার সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান।
তেহরানের এই জবাবের বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র, যা বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের প্রস্তাবের জবাব পাঠানোর কথা জানিয়েছে। তেহরান এখন ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত নিরসনে ইরান বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে ‘গুপ্তহত্যা ও আগ্রাসন’ বন্ধ এবং যুদ্ধের পুনরাবৃত্তি এড়ানোর নিশ্চয়তা।
এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য সুনির্দিষ্ট ও নিশ্চিত ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তেহরান সমস্ত ফ্রন্টে, যেসব অঞ্চলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী আছে, সেখানে একযোগে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।
ইরান হরমুজ প্রণালির ওপর তাদের সার্বভৌমত্বকে একটি ‘স্বাভাবিক ও আইনগত অধিকার’ হিসেবে স্বীকৃতি দেয়ার ওপর জোর দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার আগে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান যেসব দাবি জানিয়েছিল, সেগুলোও বর্তমান শর্তের সঙ্গে যুক্ত থাকবে।
তবে ইরানি সূত্র মনে করছে, যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বান কিছুটা ‘প্রতারণা’ হিসেবে দেখা যেতে পারে। তাদের ধারণা, যুক্তরাষ্ট্র এই আলোচনার মাধ্যমে নিজেকে শান্তিকামী হিসেবে উপস্থাপন করতে, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং দক্ষিণ ইরানে স্থল অভিযানের জন্য সময় নিয়ে সামরিক প্রস্তুতি নিতে চাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।