ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। ঘাঁটিটি ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত।
হামলা থেকে ধারণা করা হচ্ছে, তেহরানের কাছে এখন আগের তুলনায় দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এ বিষয়ে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, একটি ক্ষেপণাস্ত্র উড়ন্ত অবস্থায় বিকল হয়ে পড়ে, আরেকটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়। তবে তা ধ্বংস হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
চাগোস দ্বীপপুঞ্জের দিয়েগো গার্সিয়া সেই দুটি ঘাঁটির একটি, যা যুক্তরাজ্যকে ব্যবহার করার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রকে ‘প্রতিরক্ষামূলক’ অভিযানের জন্য। এখানে বোমারু বিমানসহ অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে। এটি এশীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা আফগানিস্তান ও ইরাকে মার্কিন বিমান হামলার সময় ব্যবহৃত হয়েছে।
১৯৬০-এর দশক থেকে চাগোস দ্বীপপুঞ্জ নিজেদের নিয়ন্ত্রণে রাখার পর সম্প্রতি ব্রিটেন তা মরিশাসের কাছে ফেরত দিয়েছে। তবে দিয়েগো গার্সিয়ার সামরিক ঘাঁটির ইজারা বহাল রাখা হয়েছে। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র : কালেরকণ্ঠ
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।