প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ যে ধরনের দেশ দেখতে চায়, সেই লক্ষ্যেই সরকার কাজ করবে। শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই ঈদে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়। এ লক্ষ্য অর্জনে তিনি দল-মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সমর্থন থাকলে তাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাবে।
এদিন ঈদুল ফিতরের নামাজ শেষে তিনি কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে তিনি মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে গিয়ে তার বাবা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এরপর তিনি গুলশানের বাসায় ব্যক্তিগত সময় কাটাবেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।