দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার, উল্লেখ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
১৬ই মার্চ সোমবার সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকহাপানিয়া গ্রামে আয়োজিত খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃষকের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে, মৎস্যচাষ সম্প্রসারিত হবে এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।”
মন্ত্রী স্মরণ করান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে কাশাদহ খালের খনন উদ্বোধন করেছিলেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শীঘ্রই সেই খালের পুনঃখননও উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর বিমানমন্ত্রী পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাট পরিদর্শন করেন। তিনি যাত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনকে নির্দেশ দেন। মন্ত্রী বলেন, “যাত্রীদের হয়রানি বা অতিরিক্ত ভাড়া নেওয়া চলবে না, রাস্তায় চাঁদাবাজি যাতে না হয় তা নিশ্চিত করতে হবে।”
পরিদর্শনের শেষে বিমানমন্ত্রী ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।