খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার (১৫ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন রূপসা খুলনা জেলার দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকা থেকে একটি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ককটেল উদ্ধার করা হয়। একই সঙ্গে কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. সিরাজ মোল্লা (৫৫), মো. মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)। তারা সবাই নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।