আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল, যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।
আসন্ন ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনার রূপসা, কয়রা ও নলিয়ান, বাগেরহাটের মোংলা ও শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালী এলাকার গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও নৌযান তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, নৌপথে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে কোনো দুষ্কৃতিকারী নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে। এর ফলে ঈদযাত্রায় নৌপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ থাকবে বলে আশা করা যাচ্ছে।
কোস্ট গার্ডের এ নিরাপত্তা কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে এবং ঈদ-উল-ফিতরের পরেও যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।