পাবনার চাটমোহর উপজেলায় চা স্টলে বসে টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে দুই দিনমজুর গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৪০) এবং মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪২)। তারা দুজনেই দিনমজুর হিসেবে কাজ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতারের পর লালনের মোড়ে রাজ্জাকের চা স্টলে বসে টিভি দেখছিলেন নাঈম ও সাজেদুল। এ সময় মুখোশধারী তিনজন দুর্বৃত্ত সেখানে এসে হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের তলপেটে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তারা ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার নাফিস সাদিক জানান, গুরুতর রক্তাক্ত অবস্থায় দুইজন হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হামলা হতে পারে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।