ঢাকার নয়াবাড়ি ইউনিয়ন-এর আন্তা বাহ্রা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নুর মোহাম্মদ নুরু (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১লা মার্চ রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, আন্তা বাহ্রা এলাকার সেলিমের সঙ্গে নুর মোহাম্মদ নুরুর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে নুরু জমিতে কাজ করতে গেলে সেলিমের ছেলে রেজাউল তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মেসবাহ বলেন, তার বাবা সকালে জমিতে ঝোপঝাড় পরিষ্কার করতে গেলে রেজাউল তাকে কুপিয়ে হত্যা করে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন। ঘটনার পর অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।