দিনাজপুরের ফুলবাড়ীতে এক ট্রাকের চাপায় ভ্যানচালক ও একজন নারী যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় ইয়াছমিন আক্তার (৪৫) নামে আরও একজন নারী আহত হয়েছেন।
২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আলাদিপুর ইউনিয়নের বলিহরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ।
নিহতরা হলেন শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকার আইনুল সরকার (৫৩), যিনি পেশায় ভ্যান চালক ছিলেন, এবং আলাদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকার মোছা রুমা খাতুন (২২), রাঙ্গামাটির প্রাণ বঙ্গমিলার্সে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বারাইহাট থেকে দুই নারী শ্রমিক ভ্যানে রাঙ্গামাটির প্রাণ কোম্পানিতে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর অভিমুখী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৩১৯৩) নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়।
ঘটনাস্থলেই আইনুল সরকার ও রুমা খাতুন মারা যান। ভ্যানে থাকা ইয়াছমিন আক্তার আহত হন এবং বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ট্রাকের চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশসহ ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আব্দুল লতিফ শাহ জানান, লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটি থানায় আনা হয়েছে, তবে চালক ও সহযোগী পালিয়েছে। সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।