পল্লী বিদ্যুৎ সমিতির আইন অনুযায়ী গ্রাহকদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বোর্ড গঠনের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না—এমন অভিযোগ উঠেছে। উচ্চ আদালতে এ সংক্রান্ত মামলা চলমান থাকা অবস্থায় কয়েকটি সমিতিতে বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়ে পবিসের সভাপতিরা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন।
এর অংশ হিসেবে ২৩ই ফেব্রুয়ারি সোমবার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সভাপতি ইমেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনারেল ম্যানেজারের কাছে চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, রিট মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বোর্ড গঠনের সব ধরনের কার্যক্রম স্থগিত রাখা উচিত। রিটকারীদের আইনজীবী সতর্ক করে জানিয়েছেন, আদালতের নির্দেশ অমান্য করে বোর্ড গঠনের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আদালত সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে বোর্ড গঠনের দাবিতে উচ্চ আদালতে রিট করা হয়েছে। আইনেও নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বোর্ড গঠনের কথা বলা আছে। কিন্তু শূন্য থাকা এলাকা পরিচালক পদে নির্বাচন না করে কিছু সমিতিতে বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা প্রচলিত আইনের পরিপন্থী বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়েছে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। গত ১৪ জানুয়ারি জারি হওয়া ওই রুল এখনো বিচারাধীন। পরে ২২ ফেব্রুয়ারি আবারও স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছে, যা শুনানির অপেক্ষায় রয়েছে।
রিটকারীদের আইনজীবী সৈয়দ ফজলে এলাহি অভি বলেন, রুলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে বোর্ড গঠনের সুযোগ নেই। আদালতের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আবেদনকারীরা রিটের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সব ধরনের বোর্ড গঠনের কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।