নীলফামারীর জলঢাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিথী আক্তার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া বাজারের কাছে টেংগনমারী-চিলাহাটি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিথী কালকেওট উত্তরপাড়ার বাবুল হোসেনের মেয়ে এবং ব্র্যাক পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা যায়, সোমবার সকালে স্কুল শেষে বাড়ির অদূরে রাস্তার পাশে সমবয়সীদের সঙ্গে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার অপেক্ষা করছিল সে। এ সময় টেংগনমারী থেকে আসা ঢাকা মেট্রো ট-২৪-৩৭৭৩ ও ঢাকা মেট্রো ট-২৪-২০৪৯ নামের দুটি দ্রুতগতির ট্রাক একে অপরকে ক্রসিং করার সময় একটি ট্রাক বিথীকে চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে স্থানীয়রা দুই ট্রাককে কিছুদূরে আটক করে পুলিশে হস্তান্তর করে।
নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী নিহত শিশুর পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনার সুবিচার নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজু সরকার জানিয়েছেন, ট্রাক দুটি জব্দ করা হয়েছে, কিন্তু ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।