রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিপরীতে জুতার মার্কেটের সামনে দুর্বৃত্তের গুলিতে বিএনপির এক নেতা আহত হয়েছেন। আহত ব্যক্তি হলেন মো. শফিকুর রহমান (৫৫), কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক।
২২ই ফেব্রুয়ারি রোববার রাত সোয়া ১১টার দিকে বাম হাতের তালুতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হয়। শফিকুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলার সিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে।
আহতকে হাসপাতালে নেওয়া ফুটপাতের দোকান মালিক শাহ পরান জানান, শফিকুর ভাই রাজনীতির পাশাপাশি ফুটপাতের দোকানে পাইকার হিসেবে জুতা সরবরাহ করতেন। রাত ১০টার দিকে তিনি দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন অজ্ঞাত দুষ্কৃতকারীরা তার বাম হাতের তালুতে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শফিকুর নামে এক ব্যক্তিকে বাম হাতে জখম অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। পরে আমরা জানতে পেরেছি, তিনি কলাবাগান থানাধীন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক। চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।