২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে নতুন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদের সদস্যরা নির্বাচিত ও শপথ গ্রহণ করেছেন।
শুক্রবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে এই পদে নতুন নেতৃত্ব নির্বাচন এবং শপথ অনুষ্ঠিত হয়। জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বৈঠকের সভাপতিত্ব করেন।
নায়েবে আমির পদে নির্বাচিত হয়েছেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং মাওলানা আনম শামসুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হয়েছেন মিয়া গোলাম পরওয়ার। সহকারী সেক্রেটারি জেনারেল পদে রয়েছেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২০২৬-২০২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যেখানে ২১ জন নারী সদস্য রয়েছেন।
কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়েছেন ৫৯ জন, তাদের মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন। ৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হলেন মাওলানা এটিএম মা’ছুম।
দেশের ১৪টি অঞ্চলে পরিচালক মনোনীত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ডা. শফিকুর রহমানকে গত বছরের ১ নভেম্বর তৃতীয়বারের মতো আমির নির্বাচিত করা হয়। নতুন নির্বাচনের পর কেন্দ্রীয় কমিটিগুলো নতুন করে গঠন করা হলো।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।