বাংলা সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সামাজিক নিরাপত্তাহীনতা ও শিল্পী জীবনের বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। শুক্রবার তিনি ফেসবুকে পোস্টে করোনাকালের তিক্ত অভিজ্ঞতা এবং বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রির দুরবস্থা তুলে ধরেন।
আসিফ লিখেছেন, রমজান মাসে করোনাকালের যন্ত্রনা মনে পড়ে। বাংলাদেশের সব সমস্যা সংস্কৃতি অঙ্গনে প্রতিফলিত হয়, আর প্রথমেই সংগীত কার্যক্রম বন্ধ হয়ে যায়।
তিনি উল্লেখ করেন, দেশের শিল্পীরা রাষ্ট্র থেকে সামাজিক নিরাপত্তা পায় না। ব্যাংক লোন দেয় না, বাড়িওয়ালা বাসা ভাড়া দেয় না। তবু তারা থেমে থাকেনি, পেশা ধরে রাখার লড়াই চালিয়ে গেছে।
করোনাকালে অনেক মিউজিশিয়ান শহর ছেড়ে চলে গিয়েছিলেন; কেউ প্রবাসে, কেউ পেশা বদলেছেন। তবু কয়েকজন প্রডিউসার পাশে থেকেছেন।
বর্তমান মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা নিয়েও আসিফ সমালোচনা করেছেন। তিনি বলেন, “এখন দেশে মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে কিছু নেই, শুধু কঙ্কালসার অবয়ব আছে, যা দিয়ে গবেষণার কাজও হবে না।”
সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু চাটুকার শ্রেণির ওঠা-নামার তুলনা তিনি ‘টম অ্যান্ড জেরি’ গল্পের সঙ্গে করেছেন। আসিফের কথায়, “একঘেয়ে গালভরা বুলি আর স্বপ্ন পোড়া ছাই। করোনা শিক্ষা ও আতঙ্ক চলে গেছে, কিন্তু আমরা আবারও অহংকারী হয়ে গেছি। সাংস্কৃতিক কর্মীদের স্বার্থপরতার কারণে সম্ভাবনা নষ্ট হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।