পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণের সড়কপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নির্দেশনা দিয়েছেন। ২০ই ফেব্রুয়ারি শুক্রবার তিনি দেশের সবচেয়ে বড় যোগাযোগ অবকাঠামো পদ্মা সেতু সরেজমিন পরিদর্শন এবং টোল বুথ পর্যবেক্ষণকালে এ কথা জানান।
মন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদযাত্রা নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে রমজানের শুরু থেকে ঈদ পরবর্তী ১৫ দিনসহ মোট ৪৫ দিনের সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পদ্মা সেতুতে যানবাহনের অতিরিক্ত চাপ মোকাবিলায় সকল টোল লেন সার্বক্ষণিক সচল রাখা, পর্যাপ্ত জনবল মোতায়েন এবং টোল আদায় কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
সকল টোল বুথ ও ইলেকট্রনিক টোল কালেকশন লেন সার্বক্ষণিক সচল রাখার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে বলা হয়েছে। যেকোনো দুর্ঘটনার দ্রুত ও কার্যকর মোকাবিলার জন্য প্রয়োজনীয় রেকার, ফায়ার ভেহিক্যাল ও জরুরি সেবা যান প্রস্তুত রাখতে, ফায়ার সেফটি ব্যবস্থা জোরদার করতে এবং মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় ও কার্যকর যোগাযোগ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশও দেওয়া হয়েছে।
মন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছালে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, বাস-বে চালু হলে যাত্রী ওঠানামা আরও সুশৃঙ্খল হবে, মূল সড়কে যানজট কমবে এবং সার্বিকভাবে ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ, প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।