বাংলাদেশ শুধু একটি ভূখণ্ডের নাম নয়; এটি এক অসাধারণ জাতির স্বপ্ন, যা ইতিহাসের বেদনা, রক্ত ও ত্যাগে গড়ে উঠেছে। এই দেশের মুক্তিযুদ্ধ কেবল পতাকা বদল নয়, এটি মানুষের মর্যাদা, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। তাই ‘ইনসাফের বাংলাদেশ’ কেবল রাজনৈতিক স্লোগান নয়, এটি আমাদের অস্তিত্ব ও আত্মমর্যাদার দাবি।
একটি জাতির আসল পরিচয় তার সামরিক শক্তি বা অর্থনৈতিক অগ্রগতিতে নয়, বরং সাধারণ মানুষকে কীভাবে দেখা হয় তার মধ্যেই প্রতিফলিত হয়। যেখানে সাধারণ মানুষ ন্যায় পায় না, সেখানে রাষ্ট্র মানবিক হতে পারে না। ন্যায় কেবল আদালতের রায় নয়; এটি হৃদয় ও বিবেকের আলো।
মানুষ জন্মগতভাবেই ন্যায়প্রিয়। শিশু বঞ্চিত হলে কাঁদে, অন্যায় দেখলে প্রতিবাদ করে। আল-কোরআনও শিখায়, ন্যায় হলো ঈমানের পরীক্ষা এবং মানবিকতার মাপকাঠি। যে জাতি ন্যায়কে অবহেলা করে, তার সভ্যতা ধীরে ধীরে ধ্বংস হয়।
‘সাধারণ মানুষ’ জাতির প্রাণশক্তি। কৃষক, শ্রমিক, শিক্ষক, গৃহকর্মী—তাদের মাধ্যমে সমাজ টিকে থাকে। কিন্তু যদি তারা অন্যায়ের শিকার হন, ন্যায় না পান, রাষ্ট্র তখন শুধু অমানবিক হয় না, তার নৈতিক ভিত্তি হারায়। দরিদ্র মানুষ যখন অন্যায়ে হতাশ হয়, তারা মানুষের ওপর বিশ্বাস হারায়। যে জাতির মানুষ একে অপরের ওপর বিশ্বাস হারায়, সেই জাতি মানবিক হতে পারে না।
ইনসাফের বাংলাদেশ মানে এমন দেশ, যেখানে সত্য জয়ী হয়, ধনী-দরিদ্রের জন্য আইন সমান, যেখানে আদালত ন্যায়ের প্রতীক, পুলিশ নিরাপত্তার প্রতীক, আর রাষ্ট্র নাগরিককে রক্ষা করে। এটি শুধু ধর্মীয় শিক্ষা নয়, রাজনৈতিক বাস্তবতার সতর্কবার্তাও।
আজকের বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতি দেখলেও, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, বিচারবিভাগের ধীরগতি, অন্যায় বিচার ও সামাজিক বৈষম্য রয়েছে। তবে সংকটের মাঝেই মুক্তির সম্ভাবনা আছে। আল্লাহ বলেন, কোনো জাতির অবস্থা পরিবর্তন হয় না, যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে।
ইনসাফের বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক। আইন সবার জন্য সমান, বিচার দ্রুত ও নিরপেক্ষ। ক্ষমতার জবাবদিহিতা থাকবে, দুর্নীতি রোধ করা হবে। অর্থনীতি মানবিক হবে, দরিদ্রের অধিকার রক্ষা করা হবে। রাজনীতি নৈতিক ও সংলাপভিত্তিক হবে। শিক্ষা চরিত্র গঠনের জন্য হবে, সততা ও দায়িত্ববোধের উপর ভিত্তি করবে।
ইনসাফের বাংলাদেশ শুধুমাত্র সরকারের কাজ নয়; এটি নাগরিকের নৈতিক দায়িত্ব। অন্যায় দেখেও নীরব না থাকা, সত্য বলার সাহস রাখা, ঘুষ না নেওয়া ও দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া—এসব নাগরিকের দায়িত্ব। প্রকৃত শক্তি আসে তাকওয়া বা আল্লাহভীরুতা থেকে।
ইনসাফের বাংলাদেশ বাস্তবে তখনই পরিণত হবে, যখন একজন রিকশাচালক বলবে, ‘আমি বিচার পাব,’ একজন দরিদ্র মা বলবে, ‘আমার সন্তান নিরাপদে থাকবে,’ আর একজন তরুণ বলবে, ‘সততা ও যোগ্যতায় আমি টিকে থাকতে পারব।’ তখনই বাংলাদেশ মানবিক, নৈতিক, দুর্নীতিমুক্ত ও আল্লাহভীরু হবে।
ন্যায় কোনো বিলাসিতা নয়; এটি জাতির প্রাণ। যেখানে ন্যায় আছে, সেখানে ভয় নেই, বিশ্বাস বাড়ে, মানুষ সম্মানের সঙ্গে বাঁচে। আমাদের প্রত্যেকের দায়িত্ব জীবনে, পরিবার, সমাজ ও রাষ্ট্রে ন্যায় চর্চা করা। ন্যায় ছাড়া জাতি বাঁচতে পারে না।
লেখক - মীর লুৎফুল কবীর সা’দী , সিনিয়র সাংবাদিক ও গবেষক, আমার দেশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।