ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট আবেদন করেন।
রিট আবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোট আয়োজন করতে না পারে—এ মর্মে আদালতের ঘোষণাও চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণভোট আয়োজনের আইনগত ভিত্তি ও ফলাফল ঘোষণার প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশন (ইসি) গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোট প্রদানের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট।
‘জুলাই জাতীয় সনদ’ ও সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত এ গণভোটে জনগণের বিপুল সমর্থন মিলেছে বলে ইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের আইনি পথ উন্মোচিত হয়েছে।
ইসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ১৬(৩) ধারা অনুযায়ী ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। রিটের বিষয়ে আদালতে শুনানির তারিখ শিগগিরই নির্ধারণ হতে পারে বলে জানা গেছে।
সূত্র: সময় টিভি, প্রথম আলো ও বাংলা ট্রিবিউন
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।