পুলিশের নামে চাঁদা দাবির অভিযোগে অডিও রেকর্ড ভাইরাল হওয়ার ঘটনায় সুতারপাড়া ইউনিয়ন বিএনপির এক নেতা ও থানা যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় উপজেলা বিএনপি।
জানা যায়, সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাঈদের বিরুদ্ধে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি প্রকাশের পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এ ঘটনায় দোহার থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শুভ মুন্সীরও সম্পৃক্ততা রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী কাকলী আক্তার দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর বিষয়টি দলীয়ভাবে আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে মো. সাঈদ ও শুভ মুন্সীকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি এসএম নজরুল ইসলাম মেছের এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
দলের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সচেতন মহল। তারা মনে করেন, শৃঙ্খলা রক্ষায় দলের এ পদক্ষেপ ইতিবাচক বার্তা দেবে। পাশাপাশি সংবাদটি প্রকাশ করায় ‘এশিয়া বার্তা’-কেও ধন্যবাদ জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।