ঢাকার আমিনবাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের অধীন ৮ বীরের একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় তাকে আটক করে। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে অবস্থানরত ক্রেতারা দ্রুত পালিয়ে যায়।
আটক ব্যক্তির কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২ লাখ ৫৭ হাজার ৬২২ টাকা (মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে) এবং অপরাধমূলক তথ্য সংবলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম জহুরুল হোসেন (৬৫)। তিনি আমিনবাজার এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম চান মিয়া। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।