নাটোরের বড়াইগ্রাম উপজেলার ২নং বড়াইগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাগডোব গ্রামের মাহাতো পাড়ায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে অঞ্জলী মাহাতো নামের এক নারীকে হাতেনাতে ধরার দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে বাংলা মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী তার বাড়িতে গিয়ে মদ তৈরির উপকরণ ও প্রস্তুত মদ উদ্ধার করেন বলে দাবি করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি মদ উৎপাদনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, তিনি কিশোর ও অল্প বয়সী ছেলেদের কাছে নিয়মিত মদ বিক্রি করতেন। এতে এলাকায় মাদকাসক্তি, বিশৃঙ্খলা ও সামাজিক সমস্যা বাড়ছে বলে জানান স্থানীয়রা।
ঘটনাস্থলে উপস্থিত ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মোজাম্মেল হক বাটুল বলেন, মাদক কারবারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসী জানান, তারা বিষয়টি প্রশাসনকে অবহিত করবেন এবং পুরো এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।