জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ইসলামনগরের ওই ভবনের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি ও আব্দুস সোবহান রায়। আহত অন্য দুজন হলেন হাসিনুর ও রাহাত।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা চারজনই দগ্ধ হন। গুরুতর আহত সাইফুল ইসলাম রনি ও হাসিনুরকে রাতেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। রনির পিঠ, হাত এবং একটি চোখ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।
জাকসুর জিএস মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে আহতদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক জানান, রনির বড় অংশ দগ্ধ হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের খণ্ডকালীন চিকিৎসক অমিতাভ দাস বলেন, গুরুতর দগ্ধ হয়ে দুজন এখানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিক জানান, আহতদের চিকিৎসা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং কোনো যোগসূত্র আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।