নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য মোট ৫৫,৪৫৪ জন দেশি পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে। এদের মধ্যে ৭,৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭,৪৫৭ জন স্থানীয় পর্যায়ে সংসদীয় আসনভিত্তিক পর্যবেক্ষণ করবেন। অনুমোদিত পর্যবেক্ষকরা ইসিতে নিবন্ধিত ৮১টি সংস্থার পক্ষ থেকে দায়িত্ব পালন করবেন।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রবেশে কড়া বিধি-নিষেধ থাকবে। শুধুমাত্র ভোটার ও ইসির অনুমোদিত পরিচয়পত্রধারী পর্যবেক্ষক কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। স্থানীয় পর্যবেক্ষকদের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ মেনে চলা বাধ্যতামূলক।
পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর জন্য ইসি একটি অনলাইন পোর্টাল (https://pr.ecs.gov.bd/) তৈরি করেছে। অনুমোদিত সংস্থার সকল পর্যবেক্ষককে ৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে পর্যবেক্ষকরা অনলাইনে তাদের কার্ড ও স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করতে পারবেন। কেন্দ্রীয় পর্যবেক্ষকরা কার্ড ও স্টিকার ইসির জনসংযোগ শাখা থেকে পাবেন, আর স্থানীয় পর্যবেক্ষকদের অনুমোদন দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা মনোনীত কর্মকর্তা।
পর্যবেক্ষকরা নির্বাচনি এলাকা ও ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় কঠোর নির্দেশনা মেনে চলবেন। ভোটকেন্দ্রে অবস্থানকালে পরিচয়পত্র দৃশ্যমান রাখতে হবে, ভোটারদের অধিকার ও নির্বাচন কর্মকর্তাদের কাজের প্রতি সতর্ক থাকতে হবে, এবং নির্বাচন প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করা যাবে না। কেন্দ্রের ভেতরে এমন জায়গায় অবস্থান করতে হবে যা প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবে না, তবে কোনো পর্যবেক্ষক গোপন কক্ষে প্রবেশ করতে পারবে না।
নীতিমালা অনুযায়ী, পর্যবেক্ষকরা কোনো স্বার্থের সংঘাত বা অন্য পর্যবেক্ষকের অসঙ্গত আচরণ দেখলে তা তাদের সংস্থাকে জানাবেন। নির্বাচনী প্রক্রিয়ায় সংবিধান, আইন ও বিধি-বিধান মেনে চলা বাধ্যতামূলক। কোনো প্রার্থী, রাজনৈতিক দল বা সংস্থা থেকে উপহার গ্রহণ বা সুবিধা নেওয়া যাবে না। এছাড়া পর্যবেক্ষকরা নির্বাচনী সময় মিডিয়ার সামনে এমন কোনো মন্তব্য করতে পারবে না যা প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের সময় সম্পূর্ণ নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা বজায় রাখা বাধ্যতামূলক। কোনো প্রার্থী বা দলের পক্ষে বা বিপক্ষে চিহ্ন, প্রতীক বা পোশাক প্রদর্শন করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।