ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা (লুজ) জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে এ অবৈধ কার্যক্রম শনাক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
২৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কেরানীগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধভাবে খোলা অকটেন মজুত ও বিক্রয়ের দায়ে তিনটি দোকানে অভিযান চালানো হয়।
মোবাইল কোর্ট চলাকালে তিনটি পৃথক দোকান থেকে সর্বমোট ১২৬৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয়। বিদ্যমান আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট দোকান মালিকদের দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে উদ্ধারকৃত জ্বালানি তেল নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।
উদ্ধার ও শাস্তিমূলক ব্যবস্থার বিবরণ: রাকিব অটো, মালিক: কবির হোসেন (৪৫), কলাতিয়া, কেরানীগঞ্জ, উদ্ধারকৃত অকটেন: ১০০০ লিটার, অর্থদণ্ড: ৩০,০০০ টাকা, নির্দেশনা: ৪ দিনের মধ্যে বিক্রয়,
হামিম স্টোর, মালিক: হুমায়ুন কবির (৪৭), কলাতিয়া, কেরানীগঞ্জ, উদ্ধারকৃত অকটেন: ১০৩ লিটার, অর্থদণ্ড: ১০,০০০ টাকা, নির্দেশনা: ২ দিনের মধ্যে বিক্রয়,
হৃদয় স্টোর, মালিক: আলতাফ হোসেন (৪৮), কলাতিয়া, কেরানীগঞ্জ, উদ্ধারকৃত অকটেন: ১৬০ লিটার, অর্থদণ্ড: ১০,০০০ টাকা, নির্দেশনা: ২ দিনের মধ্যে বিক্রয়
অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় সেনাবাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। বেসামরিক প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।